নেত্রকোনায় সংসদ সদস্যকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর, যুবদলের ৯ কর্মী গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফাকে অবরুদ্ধ করে তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে যুবদলের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আলামিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ৯ জন হলেন এনায়েত উল্লাহ প্রান্ত, মো. মিজান মিয়া, মো. মিজানুর রহমান, মো. খাইরুল ইসলাম, ইমরান মিয়াদাদ এনায়েত, মাহফুজুল ইসলাম শরীফ, আবু তাহের, সুমন মিয়া এবং হুমায়ুন। পুলিশ জানিয়েছে, তারা সবাই যুবদলের কর্মী।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের নেত্রকোনা মডেল থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার পূর্ণ তদন্তে অভিযান চলছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের সময় পূর্বধলার একটি পেট্রোল পাম্পে সংসদ সদস্য মাসুম মোস্তফার ওপর একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।
হামলার সময় সংসদ সদস্য পাশের একটি নামাজঘরে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে।
মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতার নাম রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।