বিয়ের চাপেই মা-মেয়েকে হত্যা, পরকীয়া প্রেমিক উজ্জলের ভয়ংকর স্বীকারোক্তি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকায় মা ও পাঁচ বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে বিয়ের চাপ দেওয়ায় জাহানারা আক্তার ও তার মেয়ে সামিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ঢাকার সাভারের আমিনবাজার এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারা ও উজ্জলের পরিচয় হয়। দুজনের বাড়িই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়।

একপর্যায়ে বিষয়টি ইটভাটায় জানাজানি হলে উভয়েই নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে বাড়িতে ফেরার পরও তাদের যোগাযোগ চলতে থাকে। উজ্জল জাহানারাকে বিয়ের আশ্বাস দিলেও পরে তা এড়িয়ে যেতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গত ৪ মে জাহানারা তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে উজ্জলের সঙ্গে দেখা করতে যান। উজ্জলের পরামর্শে তিনি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকার একটি পুকুরপাড়ে পৌঁছান। সেখানে বিয়ে নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। জাহানারা সেদিনই বিয়ে না করলে উজ্জলের বাড়িতে গিয়ে ওঠার হুমকি দেন।

এতে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১১টার দিকে উজ্জল জাহানারার বুকে ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে পরে গলা টিপে হত্যা করা হয়। এ সময় পাশে থাকা শিশু সামিয়া চিৎকার শুরু করলে তাকেও গলা টিপে হত্যা করা হয়।

ঘটনার পর পাশের একটি স্থানে গর্ত খুঁড়ে মা ও মেয়ের মরদেহ পুঁতে রাখা হয়। পরে সেখানে কলাগাছ দিয়ে ঢেকে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত উজ্জল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের বকারটিলা গ্রামের কোলপাড়া এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ৫০০ গজ বলে জানিয়েছে পুলিশ।

নিহত জাহানারা আক্তার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইউনিয়নের কর্নসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা লালন মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আবুল বাসার মোল্লা জানান, গ্রেপ্তার উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। জবানবন্দি না দিলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970