রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ এএম
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন এবং মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল বের করেন তারেকের সমর্থকেরা। এ সময় শরীফ উদ্দিনের অনুসারীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সুলতানুল ইসলাম তারেক অভিযোগ করেন, “আমাদের প্রার্থী পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ মশাল মিছিল চলছিল। তখনই শরীফ সাহেবের অনুসারীরা হামলা করে।” তিনি আরও দাবি করেন, সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের নির্দেশে তার লোকজন তাদের ওপর হামলা চালায়। তিনি জানান, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে এবং চাবি নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, তারেকের লোকজন ১৫টি অটোরিকশায় এসে মশাল জ্বালিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তিনি দাবি করেন, গ্রামীণ এলাকায় এমন দৃশ্য আগে দেখা যায়নি, তাই স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “১০–১৫ মিনিটের মতো উত্তেজনা ছিল। মারামারি হয়নি, তবে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। এখনও আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত।”