বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
রাজধানীর ডেমরায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলবদলের একটি বড় ঘটনা। আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা–স্তরের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডেমরা থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান। অনুষ্ঠানে দুই পক্ষের নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই গণযোগদানের নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা শাহাদাত হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলাম। বিভিন্ন চাপের কারণে একসময় আওয়ামী লীগে কাজ করলেও বিএনপিতে ফিরে এসে নিজেকে সম্মানিত মনে করছি।” তিনি রেজা সেলিম, আনিসুজ্জামান ও নবীউল্লাহ নবীর প্রতি আস্থা প্রকাশ করে নতুন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডেমরা থানা বিএনপির নেতারা বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে চলছে। ঢাকা–৫ আসনের নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্ব গ্রহণযোগ্য বলেই আওয়ামী লীগের একটি বড় অংশ বিএনপিতে যোগ দিয়েছে বলে তারা মনে করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমরার এই বড়সড় দলবদল আসন্ন জাতীয় নির্বাচনের মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে।