‘ছুটি চেয়েও পেলাম না, ছেলেটা মারা গেলো, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনের অজুহাত দেখিয়ে ছুটি না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। তার ছেলের মৃত্যুর মধ্যেও তিনি ছুটি পাননি বলে জানান, যা নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেহেদি লিখেছেন, “ছুটি চাইছিলাম পাইলাম না, আমার ছেলেটা মারা গেল! ধন্যবাদ বাংলাদেশ পুলিশ। আমি না থাকলে নির্বাচন আটকে যেতো! কী জবাব দিবো বউকে?”

এর এক ঘণ্টা পর তিনি আরও স্ট্যাটাস দেন, “আমার বউটা এখনো জানে না যে তার কলিজার টুকরাটা আর পৃথিবীতে নেই! ডাক্তার বলতে বারণ করেছে। বাবুর জন্য কেনা জিনিসগুলো কী করবো বলতে পারেন? আমার আবার কালকে নাইট ডিউটি আছে। আমার ছেলের লাশটা এম্বুলেন্সে করে কেউ আমার কাছে পৌঁছে দিতে পারবেন?”

নিজের আর্থিক ও পারিবারিক বাস্তবতার কথাও তুলে ধরেছেন তিনি। মেহেদি লিখেছেন, “গরীব মানুষের সন্তান আমি, চাকরিটা খুব দরকার। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য, সন্তান মারা গেলেও ছুটি যাই না আমি।”

তিনি আরও জানিয়েছেন, অনার্সে গোল্ড মেডেলপ্রাপ্ত, সিজিপিএ ৩.৭২, মাস্টার্সে ৩.৯০ এবং প্রশাসনিক কাজে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। চাকরি পরিবর্তনের আকুতি প্রকাশ করে তিনি লেখেন, “কারো সন্ধানে কি একটা চাকরি হবে? এই বউ-বাচ্চা নিয়ে পেটে ভাতে চলা যাবে এমন বেতন হলে হবে। এখানে নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর।”

সর্বশেষ সোমবার ফেসবুকে তিনি শোক প্রকাশ করে লিখেছেন, “আমার রাজপুত্র চিরনিদ্রায়। আমার কুলে উঠলো না। দুই রাজকন্যার পর এক রাজপুত্র দিয়ে আল্লাহ আমাকে পূর্ণতা দিয়েছেন, কিন্তু সেই স্ট্যাটাস দেওয়ার তওফিক আর হলো না।”

মেহেদি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং বর্তমানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এই ঘটনায় নেটিজেনরা মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশের ছুটি নীতিমালা ও দায়িত্ব ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970