রমজানে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ও বিশেষ নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলে আনা হয়েছে বিশেষ সময়সূচি। প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ সূচি কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

এছাড়া রমজান মাসে ইফতারের সময় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছে ডিএমটিসিএল। প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যাতে ছিটকে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।
তবে প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।