মেট্রোরেল যাত্রীদের জন্য সুসংবাদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ এএম
মেট্রোরেল যাত্রীদের সুবিধার্থে চলমান ভ্যাট অব্যাহতি আগামী জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এটি ছয় মাসের জন্য স্থায়ী করার বিষয়ে মন্ত্রিপরিষদে প্রস্তাব রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, “এখন তো আর এনবিআরই ভ্যাট অব্যাহতি দিতে পারে না। এটি সরকারের সিদ্ধান্ত, তারা আদেশ জারি করবে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে, এখন এটি মন্ত্রিপরিষদে রয়েছে।”
ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করা হয়। পরে চলতি বছরের শুরুতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে যাত্রীরা ভ্যাটমুক্ত ভ্রমণ উপভোগ করতে পারছেন।
এছাড়াও, সরকার হজযাত্রীদের জন্য সুখবর দিয়েছে। আগামী বছর থেকে হজের আউটবাউন্ড ও রিটার্ন বিমান ভাড়ায় আরোপিত ৫ হাজার টাকার আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রত্যাহার করা হবে। মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।