আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতে অতিরিক্ত রাজনীতিকীকরণের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো কার্যত ‘খালি হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার মূল কারণ অতিরিক্ত রাজনীতিকীকরণ। এর ফলে ব্যাংকগুলোতে আর্থিক স্থিতি নষ্ট হয়েছে এবং শেয়ারবাজারে লুটপাটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি জানান, এমন একটি দুর্বল অবস্থা থেকে সরকার এখন আর্থিক খাতকে পুনর্গঠনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোতে পর্যাপ্ত মূলধন নেই, একই অবস্থা বেসরকারি খাতেও। মুদ্রার মান কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদের পুঁজি মারাত্মকভাবে ক্ষয় হয়েছে। ফলে অনেক উদ্যোক্তা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

অর্থমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে সরকার সব খাতকে আর্থিক সহায়তা দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ বর্তমান সরকার একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। অতীতের শাসনব্যবস্থা থেকে পাওয়া এই অর্থনৈতিক কাঠামো খুব বেশি উন্নত ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে। অতীতে দেশের সম্পদ কিছু প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছিল, যা থেকে বের হওয়া সহজ নয়।

অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক জনগণের কাছে সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে পরিবারভিত্তিক সহায়তা কার্ড ও কৃষক সহায়তা কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জনসম্পদের সুফল কাজে লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থবছর থেকেই এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970