গরমের দাপট কমাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, স্বস্তির আভাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর পেয়েছে ঢাকাবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।
এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।