ভোট দিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান আজহারীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে ভোটের মাধ্যমে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”
এর আগে দেওয়া আরেক পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, কিছু বিষয়ে আপত্তি থাকলেও গণভোটের অধিকাংশ দিক ইতিবাচক। সার্বিক বিবেচনায় দেশের ভবিষ্যতের স্বার্থে ‘হ্যাঁ’ দেওয়াই উত্তম বলে তিনি মত দেন।
তিনি আরও লেখেন, “তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।”
রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ রোধে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কোনো মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।