তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান।

বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডেকে তাদের সাংগঠনিক অবস্থান সম্পর্কে খোঁজ নেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন।

তিনি আগামী দিনে নতুন প্রজন্মের নেতৃত্ব সামনে আনার পরিকল্পনার কথাও পুনরায় তুলে ধরেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী করতে তৃণমূল ও কেন্দ্রের মধ্যে দূরত্ব কমানোর নির্দেশনা দেন। জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়েও জোর দেন তিনি।

এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

পৃথক বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970