ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন। তাকে নানা অত্যাচার ও নিপীড়নের শিকার হতে হয়েছে। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। আগামী নির্বাচনে আমরা আশা করি, তিনি ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন এবং দেশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বর্তমান সংকট মোকাবিলা করবেন।”