তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন এবং ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন। ভোটের পর আপনাদের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবো।

মা-বোনদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে নারীরা গর্বিত অংশীদার। তাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করা হবে।

এ সময় নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাকে ভোট দিলে উন্নয়নের দায়িত্ব বিএনপি নেবে, ইনশাআল্লাহ।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন নোয়াখালী-৬ আসনের প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970