যে শর্তে বিএনপিতে ফিরতে চান রুমিন ফারহানা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, বিএনপি তাকে ফেরাতে চাইলে তার নেতাকর্মীদেরও দলে নিতে হবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি তার প্রতীক হাঁস নিয়ে উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে অংশ নিয়ে রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০ হাজার ৪৩৪ ভোট পান। ভোট ব্যবধান দাঁড়ায় ৩৮ হাজারের বেশি।

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা তার প্রতীকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলা থেকেই হাঁস-মুরগি ও কবুতর পালনের অভ্যাস ছিল। শহুরে জীবনে যাওয়ার পরও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আবার সেই শখে ফিরেছেন এবং অবসর সময় কাটান হাঁস-মুরগির সঙ্গে। এই আবেগ থেকেই ‘হাঁস’ প্রতীক বেছে নেওয়া।

জয়ের পর তিনি বলেন, বিএনপি থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তার ভাষ্য, নিজের চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন, কেউ ঘরে থাকতে পারেননি বা বহিষ্কারের মুখে পড়েছেন। তিনি বলেন, ‘আমি না জিতলে হয়তো ঢাকায় ফিরে পেশায় যোগ দিতাম। কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করবো?’

ভোটগ্রহণের দিনে অনিয়মের অভিযোগও তোলেন তিনি। দাবি করেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে এবং ফলাফল বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে। জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে নিজে পরিস্থিতি সামাল দিয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজের বিকল্প নেই। ‘আবার যদি ভোটে দাঁড়াতে হয়, কাজই হবে একমাত্র ভরসা।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন তিনি। সম্প্রতি বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে তার পক্ষে কাজ করায় সরাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকেও বহিষ্কার করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970