জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক চুলও ছাড় নয়: বিরোধীদলীয় নেতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫০ এএম

ছবি: সংগৃহীত

সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায় ও জুলুমের প্রতিবাদে তারা সহিংস পথ নয়, বরং কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করবেন।

শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতা মো. সিরাজুল ইসলামের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিরাজুল ইসলাম (৭৮) শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি গত বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত হন। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জনগণের সঙ্গে অন্যায় করেছে। তবে তারা সেই অপমানের প্রতিশোধ সহিংসভাবে নেবেন না; বরং কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করবেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত বলে জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সহিংসতার মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করা সম্ভব নয়। জনগণের জীবন, সম্পদ ও নিরাপত্তার দায়িত্ব নিয়েই সংসদে যেতে হবে। যদি মানুষের জীবনই নিরাপদ না থাকে, তাহলে সেই প্রতিনিধিত্ব অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্বাচনে সহিংসতা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, আদর্শের লড়াই হওয়া উচিত, অস্ত্রের নয়।

গত ৯ এপ্রিল শেরপুর ও বগুড়ার সংসদীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, উভয় আসনেই অনিয়ম, জালিয়াতি ও সহিংসতা হয়েছে। বিশেষ করে শেরপুর-৩ আসনের ঘটনাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের অব্যবস্থার কথাও তুলে ধরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপের কথা বলেন। অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, যা দেশের স্বাস্থ্যসেবার চিত্রকে তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদে কথা বলবেন বলেও জানান।

সংসদ থেকে ওয়াকআউটের বিষয়ে তিনি বলেন, এটি দলীয় বিষয় নয়, বরং জনগণের জীবন ও নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদ। পুলিশের ন্যায্য বিচার না পাওয়ার বিষয়েও কথা বলতে চাইলেও সুযোগ পাননি বলে জানান তিনি।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, জেলা জামায়াতের আমির আবদুল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970