স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ মন্তব্য নিয়ে মুখ খুললেন হাসনাত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
জাতীয় সংসদে স্পিকারের ‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সদস্যদের যথাযথভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় না। তিনি বলেন, একই বিষয়ে সরকারি দলের সদস্যরা দীর্ঘ সময় বক্তব্য রাখলেও বিরোধী দলকে খুব অল্প সময় দেওয়া হয়।
তিনি বলেন, মানবাধিকার কমিশন নিয়ে তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, অথচ একই বিষয়ে অন্য একজন সংসদ সদস্য প্রায় চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় সম্পর্কিত আলোচনাতেও একই ধরনের বৈষম্য হয়েছে বলে তিনি দাবি করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অল্প সময়ের মধ্যে যদি কোনো ভুল বা আপত্তিকর বক্তব্য আসে, তার জবাব দেওয়ার সুযোগও বিরোধী পক্ষকে দেওয়া হয় না। তিনি অভিযোগ করেন, সময় চাইলে তাকে বলা হয়—এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ। তিনি বলেন, এই ধরনের আচরণ অন্যায্য এবং বৈষম্যমূলক।
এর আগে শুক্রবার ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় হাসনাত আবদুল্লাহ নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং হইচই করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্পিকার ওই মন্তব্য করেন।
পরে স্পিকার বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করতে হবে এবং এখানে আলোচনার পরিবেশ বজায় রাখতে হবে।