চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেল জানায়, গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালিয়ে পায়ে গুলি করে। হামলাকারীরা অন্ধকারে পালিয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি, প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং তদন্ত চলছে।”
সোমবার চট্টগ্রাম-৮ আসনে বিএনপির পক্ষ থেকে এরশাদ উল্লাহকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।