টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি এখনো বেঁচে রয়েছে, চলছে চিকিৎসা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ৭ বছর বয়সী শিশু আফনান এখনও বেঁচে আছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলেছে।
তবে কিছু গণমাধ্যম ভুলভাবে শিশুটি মারা গেছে বলে খবর প্রচার করেছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, আফনানের মাথায় গুলি লেগেছে। সংকটাপন্ন অবস্থার কারণে সিটি স্ক্যান এখনও করা যায়নি। শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, এবং অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
আফনানের পরিবার জানিয়েছেন, শনিবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন রোববার সকালে একটি গুলি এসে বসত ঘরের ভিতরে অবস্থানরত আফনানের মাথায় লাগে।
প্রকাশিত ভুল মৃত্যুসংবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানিয়েছেন, উত্তেজিত জনতা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।