রংপুর সদরে হরিণ প্রতীকে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি এলাকার অংশ) আসনে হরিণ প্রতীক নিয়ে লড়াই করবেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান তাকে আনুষ্ঠানিকভাবে প্রতীক হস্তান্তর করেন। এরপর থেকেই তিনি নির্বাচনি প্রচারণার মাঠে সরাসরি অংশগ্রহণ শুরু করেছেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুর-৩ আসন থেকে সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, এবং বাসদের আব্দুল কুদ্দুস।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।
এ প্রসঙ্গে আনোয়ারা ইসলাম রানী বলেন, “হরিণ প্রতীক পেয়ে আমি আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠী আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। স্বাধীনতার ৫৪ বছর ধরে যারা নিরীহভাবে বঞ্চিত, তাদের জন্য আমি সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াতে চাই। তাদের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কিছু সংশয় থাকলেও কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।” আনোয়ারা ইসলাম রানী রংপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন।