'আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব': রুমিন ফারহানা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভোটকেন্দ্র পাহারায় থাকার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে অনুষ্ঠিত একটি পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় রুমিন ফারহানা বলেন, “আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যেন কোনো জাল ভোট দেওয়া না হয়। আমার একটি হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।”

তিনি আরও বলেন, “আমি ১৫ বছর হালচাষ করেছি, বীজ দিয়েছি, ধান লাগিয়েছি। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, তখন কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।”

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, “এবার সাধারণ মানুষের প্রতীক হলো ‘হাঁস’। এটি কোনো দলের বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়; এটি সাধারণ আমজনতার প্রতীক। হাঁস মার্কা হলো উন্নয়ন, গণতন্ত্র, সাহস, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। এটি সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কাও।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। একদিনের এই কষ্টে আগামী পাঁচ বছর এই দুই উপজেলার উন্নয়নের রোল মডেল গড়া সম্ভব।”

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, “আমার মা-বোনেরা আমাকে গ্যাসের বিষয়টি বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। কিন্তু এখানে গ্যাস আগে এখানকার মানুষ পাবে, তারপর দেশের অন্য এলাকায় যাবে—এ কথা আমি প্রথম বলেছি। এলাকার মানুষের দাবি আমারও দাবি।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970