ফরিদপুরে ব্যানার টানানোকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আপন ২ ভাইকে কুপিয়ে জখম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলায় নির্বাচনি প্রচারণা ও ব্যানার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক আপন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন দোস্তরদিয়া গ্রামের জাহিদ হাসানের দুই ছেলে- আবিদ হাসান রনি (২৫) ও আলিফ হাসান (২৩)। চিকিৎসকরা জানান, তাদের বুক, পেট ও হাতে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দুই ভাই ফরিদপুর-১ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের সমর্থক। নিহতদের পিতা জাহিদ হাসান অভিযোগ করে বলেন, বিকেলে ব্যানার টানানোর সময় বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ বাধা দেয়। একপর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে তার দুই ছেলেকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান বলেন, তার কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কোনো কর্মী এই হামলার সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থীর আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।