মাহফিলের অতিথি নিয়ে বিরোধ, চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
রাজশাহীর চারঘাট উপজেলায় পূর্বশত্রুতা ও ওয়াজ মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নর ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদে আসন্ন ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে গ্রামবাসীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একপক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপরদিকে এরশাদ আলীসহ অন্যপক্ষ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সভা ভেঙে যায়।
পরিবারের সদস্যদের অভিযোগ, রাত ৯টার দিকে তারাবিহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি এরশাদ আলীর পথরোধ করেন। পরে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।