কিশোরগঞ্জে যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে এক ইউনিয়ন যুবদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এতে স্থানীয় নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

অভিযুক্ত নেতা মো. রায়হান গন্ধী আলী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে তিনি একটি পদার্থ গরম করে সেবন করছেন। ধারণা করা হচ্ছে, উপস্থিত কোনো ব্যক্তি গোপনে ভিডিওটি ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজন ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা বলেন, উপজেলা পর্যায়ের কোনো নেতার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে এলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. রায়হান গন্ধী আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিন্নাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন, রায়হান গন্ধী একজন ভালো কর্মী। রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানো হয়ে থাকতে পারে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। তথ্য-প্রমাণ যাচাই করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970