চাঁদ রাতে সালামি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা, ভোরে মিলল গলা কাটা মরদেহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ সালামি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাত পৌনে আটটার দিকে একদল দুর্বৃত্ত ঈদ সালামি দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর চার থেকে পাঁচজন তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

নিহতের মা রুবি খাতুন জানান, চাঁদ রাতে তার ছেলের মোবাইল ফোনে বারবার কল আসে। ফোনে বলা হয়, এক নেতা ঈদ সালামি দিচ্ছেন—এ জন্য তাকে বাইরে যেতে বলা হয়। পরে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, সারারাত চেষ্টা করেও ছেলের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ঈদের দিন ভোরে আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। পরে খবর পান, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানখেতে তার ছেলের গলাকাটা মরদেহ পড়ে আছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে মামলা প্রস্তুত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970