গাজীপুরে গরুর মাংস রান্নার সময় ভেসে উঠল ‘আল্লাহর নাম’, এলাকায় চাঞ্চল্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের পালোয়ান বাড়ি এলাকায় গরুর মাংস রান্নার সময় মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ওই মাংসের টুকরাটিকে সংরক্ষণ করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
শনিবার সকালে পালোয়ান বাড়ির কমলা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কমলা বেগম একজন হতদরিদ্র নারী। তিনি এলাকার বিভিন্ন বাড়ি থেকে চেয়ে বা কিছু সহযোগিতার মাধ্যমে দিন যাপন করেন। গত কোরবানির ঈদে তিনি বিভিন্ন বাড়ি থেকে গরুর মাংস সংগ্রহ করেন। এরপর পাশের বাড়ির ফ্রিজে মাংসগুলো সংরক্ষণ করা হয়।
শনিবার সকালে রান্নার সময় একটি মাংসের টুকরা বারবার ভেসে ওঠে। মাংসটি সেদ্ধ করার চেষ্টা করলেও তা ডুবছিল না। মাংসটি হাতে নিলে গরমের পরিবর্তে ঠান্ডাভাব অনুভূত হয়। পরে দেখা যায়, মাংসের ওই টুকরায় আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’।
কমলা বেগম বলেন, “মাংস রান্নার সময় এক টুকরো বারবার ভেসে ওঠে। পরে পাশের বাড়ির লোকজন এসে দেখেন এবং জানান, মাংসের ওপর আল্লাহ লেখা রয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আমার বাড়িতে মানুষ ভিড় করতে থাকে।”