১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, মিলছে রাত্রিযাপনের সুযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। একইসঙ্গে মিলছে রাত্রিযাপনের সুযোগও। তবে পরিবেশ সংরক্ষণে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।
সরকার ১ নভেম্বর থেকেই সেন্ট মার্টিনে পর্যটন উন্মুক্ত করলেও রাত্রিযাপনের ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত কোনো পর্যটকই দ্বীপে যাননি। জাহাজ চলাচল বন্ধ থাকায় নভেম্বর মাস জুড়েই সেন্ট মার্টিন ছিল পর্যটকশূন্য।
‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, রাত্রিযাপনের ব্যবস্থা চালু হওয়ায় ১ ডিসেম্বর থেকে পর্যটকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এ কারণে জাহাজ চলাচল শুরু করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশে। পরের দিন বিকাল ৩টায় জাহাজ ফিরবে কক্সবাজারে। ৩১ জানুয়ারি পর্যন্ত এ ব্যবস্থা চলবে। এ সময় সাতটি জাহাজ যাতায়াতে প্রস্তুত থাকবে—এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ।
কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার এবং যাত্রায় লাগে ৬–৭ ঘণ্টা।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইন টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড; কিউআর কোড ছাড়া টিকিট বৈধ হবে না।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা জানান, দুই হাজারের বেশি পর্যটক যেন দ্বীপে প্রবেশ না করতে পারে, সেজন্য নুনিয়ারছড়া জেটিঘাট ও সেন্ট মার্টিন জেটিঘাটে কঠোর তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।