বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ ও আটক বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান এবং সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা। বক্তব্য দেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান এবং ডাকসু সদস্য হেমা চাকমা।
বক্তব্যে সংগীতশিল্পী সায়ান বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সমাজ হিসেবে সবাইকে নিজের এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। “বাংলাদেশকে শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিলে চলবে না। জনগণই সবসময় এই দেশকে রক্ষা করেছে,” মন্তব্য করেন তিনি।
ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মত প্রকাশ, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অধিকার আছে। “বাউল যেমন রাস্তায় গান গাইবে, বাদ্যযন্ত্র বাজাবে—তেমনি সব ধর্ম, জাতি ও গোষ্ঠীর মানুষকেই স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে,” বলেন তিনি।