চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৩৩ এএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আলোচিত স্বামী বদিউজ্জামান এবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার দিবাগত রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেন।

আটক বদিউজ্জামান (৬০) দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বানিজ উদ্দিনের ছেলে। তার স্ত্রী ছালেহা বেগমসহ দুজনের বিরুদ্ধেই মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তাকে ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়।

পরে নির্যাতনের শিকার নারী স্বামীর নাম বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা করেন বলে জানা যায়। এরপর এলাকায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

সবশেষ ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আবারও আলোচনায় এলেন বদিউজ্জামান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970