সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১০ এএম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম (আরিফ) মৃত্যুবরণ করেছেন। তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তার চাচা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে দলীয় সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এমরান চৌধুরী ও আরিফ। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা এমরানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এভারকেয়ার হাসপাতালে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় আবারও তাকে চমেকে নেওয়া হয়। চমেকে পৌঁছানোর পরপরই চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মেজবাহ বলেন, “তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আমাদের সহযোদ্ধা আরিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তার মৃত্যুর খবর আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আরিফের সঙ্গে রাজপথে বহু আন্দোলন ও সংগ্রামে একসাথে ছিলাম, কিন্তু আজ সে আর আমাদের মাঝে নেই। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।”