ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঢাকায় "লকডাউন" কর্মসূচি ঘোষণা করার পর, রাজধানীসহ আশপাশের জেলাগুলিতে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মত অপতৎপরতা রোধে এই পদক্ষেপ নেয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে।
গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।