প্রতিবেশীর ফ্লাটে নৃশংস খুন: খাটের নিচে দেহ, বাথরুমে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত মাথা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৯ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছরের এক স্কুলছাত্রীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিবেশীর ফ্ল্যাটের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটির মাথাবিহীন মরদেহ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় কাটা মাথা।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী থানার একটি বাসা থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো তাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ করেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে।
পরিবারের পাশাপাশি ভবনের অন্য বাসিন্দারাও তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ভবনের তৃতীয় তলায় প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পেয়ে সন্দেহ তৈরি হয়।
পরে ফ্ল্যাটের দরজা খুলতে বলা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন সোহেল রানার কক্ষের খাটের নিচে পাওয়া যায় রামিসার মাথাবিহীন মরদেহ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।
নিহত রামিসা রাজধানীর পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার সময় ফ্ল্যাটে সোহেল রানার স্ত্রী স্বপ্না উপস্থিত ছিলেন। তবে পেশায় রিকশা মেকানিক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকেই স্বপ্নাকে আটক করা হয়।
স্থানীয় এক নারী জানান, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে তারা শুনেছেন। আরেক বাসিন্দার দাবি, টাকার জন্য নয়, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্লবী থানা পুলিশ ও মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, অভিযুক্ত সোহেল রানাকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের ধারণা, তিনিই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, হত্যার আগে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই পলাতক সোহেল রানাকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানানো হবে।