সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, বেতন বাড়ছে ৯০ শতাংশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হতে যাচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে সর্বোচ্চ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
কমিশন সূত্রে জানা গেছে, নবম পে স্কেলের চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহেই এটি অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এরপর অর্থ মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন মিললে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
নবম পে স্কেল প্রণয়নের সময় গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব উঠলেও দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বিদ্যমান ১৬টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। চূড়ান্ত সুপারিশে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই এই বেতন বৃদ্ধির সর্বোচ্চ সুফল পাবেন।
এ ছাড়া কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাবও রাখা হয়েছে। এসব প্রস্তাব অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা ও জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, নবম পে স্কেল কার্যকর হলে এটি কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও পারিবারিক ব্যয়ে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে নতুন বেতন স্কেলের খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেকের ধারণা, এই বেতন বৃদ্ধি সরকারি চাকরিতে কর্মস্পৃহা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।