দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: ববি হাজ্জাজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে যেমন দুর্নীতি করবেন না, তেমনি তার মন্ত্রণালয়ের কোনো স্তরেও কাউকে দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। “আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা কেউ খুঁজে পাবে না। আমি ঘোষণা দিচ্ছি, আমি নিজে দুর্নীতি করবো না এবং আমার অধীনে থাকা কাউকেও দুর্নীতি করতে দেব না,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশপ্রেমের প্রকৃত প্রমাণ রাজনৈতিক স্লোগানে নয়; বরং কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার মধ্যেই নিহিত। শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম দূর করতে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার ভিত্তি দুর্বল হলে জাতির ভবিষ্যৎও দুর্বল হয়ে পড়ে। ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিন মূলনীতির ওপর শিক্ষাব্যবস্থা সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাতৃভাষা বাংলা ও গণিতে দক্ষতা অর্জন ছাড়া শিক্ষার্থীদের ভিত্তি মজবুত হয় না। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।