জুনেই আরও ৩ বার তাপপ্রবাহ, আছে নিম্নচাপের পূর্বাভাসও

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে তাপপ্রবাহের দাপটের মধ্যেই জুন মাসে আরও দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভের মাধ্যমে দেশে বর্ষার প্রভাব শুরু হতে পারে। তবে এ মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জুনে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে সারাদেশে মোটের ওপর স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড হলেও চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত ১৮ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে ৩ মে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাজধানী ঢাকাসহ প্রায় ৪০টি জেলার ওপর তাপপ্রবাহ বয়ে যায়। তবে মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় আগামী দুই থেকে তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970