মার্কিন দূতাবাসে আঘাত হানলো ইরানের মিসাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম
কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় ইরানী মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর ফলশ্রুতিতে ঘটনাস্থলে আগুনের ধোঁয়া ছড়াতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাস্থলে দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ধোঁয়া দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সতর্কবার্তা জারি করে, এবং দূতাবাস এলাকায় কাউকে না যেতে নির্দেশনা দেয়। তারা নাগরিকদের নিজেদের বাসায় অবস্থান নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দূতাবাসে আসা বন্ধ রাখতে হবে এবং বাসস্থানের সবচেয়ে নিচতলায় অবস্থান নিতে বলা হয়েছে।
এছাড়া, কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশ্রয় নিতে এবং অতিরিক্ত হামলার আশঙ্কায় নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দূতাবাসের কর্মীরা বর্তমানে নিরাপদে অবস্থান নিয়েছেন।