বিপাকে নেতানিয়াহু: কমছে জনপ্রিয়তা, ৩১ মার্চের মধ্যে বাজেট পাশ না হলে আগাম ভোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই কৌশল উল্টো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি নতুন করে রাজনৈতিক সংকটে ফেলেছে দেশটিকে, পাশাপাশি কমতে শুরু করেছে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা।

ইসরায়েলের আইন অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে পার্লামেন্টে রাষ্ট্রীয় বাজেট পাস করাতে না পারলে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে আগাম নির্বাচন এড়াতে দ্রুত বাজেট পাসে মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু।

বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থায় নির্বাচন হলে পরাজয়ের ঝুঁকি বাড়ছে তার জন্য। যদিও যুদ্ধের শুরুতে হিসাব ছিল ভিন্ন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আগাম নির্বাচনের সম্ভাবনা দেখেছিল নেতানিয়াহুর শিবির। তখন ক্ষমতাসীন দল লিকুদ নিজেদের জনপ্রিয়তা সর্বোচ্চ বলে দাবি করেছিল এবং আগাম ভোটে সুবিধা পাওয়ার আশা করছিল।

কিন্তু চার সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়নি। ফলে আগাম নির্বাচন ঠেকাতে এখন তৎপর হয়ে উঠেছে সরকার। সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে মিত্রদের জন্য বাড়তি অর্থ বরাদ্দ এবং দ্রুত বাজেট পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজা ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে ইরান প্রসঙ্গে কিছুটা জনসমর্থন পাওয়া গেলেও ভোটের সমীকরণে বড় কোনো পরিবর্তন আসেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকেই নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং ধীরে ধীরে তার জনপ্রিয়তা কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ১২০ আসনের পার্লামেন্টে লিকুদ দল পেতে পারে ২৮টি আসন। মিত্রদের নিয়ে তাদের মোট আসন দাঁড়াতে পারে ৫১টি, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

এদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাব পড়ছে ইসরায়েলের অর্থনীতিতেও। প্রতি সপ্তাহে বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি বেড়েছে প্রতিরক্ষা ব্যয়। মিত্রদের সমর্থন ধরে রাখতে অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে সরকারকে। সব মিলিয়ে সময় বাড়িয়ে সরকার টিকিয়ে রাখাই এখন নেতানিয়াহুর প্রধান কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970