ইরানের আবাসিক এলাকায় আবারও মার্কিন-ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের কোমের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছে জামারান নিউজ।

কোমের উপ-গভর্নর মোরতেজা হেয়দারি জানান, পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। নিহতের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এই ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এটিকে ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে এবং নিহত ছয় নাগরিককে শহীদ হিসেবে ঘোষণা করেছে।

গত ২৪ ঘণ্টায় হামলার তীব্রতা আরও বেড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুধু কোম নয়, তেহরান, ইসফাহান, কাশান, ইয়াজদ, তাবরিজ ও আহভাজেও রাতভর বিমান হামলা চালানো হয়েছে।

পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহরে চারটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান জানিয়েছেন, চলমান চার সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত এবং ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

ইরানের পাশাপাশি লেবাননেও হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ১,১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970