হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হুমকি বিশ্ব বাণিজ্যের জন্য ক্ষতিকর: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হুমকি বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কৌশলগত এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি আঞ্চলিক পরিস্থিতি, ইসলামাবাদ আলোচনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কথা বলেন।
১১ এপ্রিল ইসলামাবাদ আলোচনার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানি আলোচক দল আন্তরিকভাবে কাজ করেছে। কিছু প্রযুক্তিগত বিষয়ে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি সম্মান দেখানো জরুরি। ইরান তার জনগণের অধিকার রক্ষায় আন্তর্জাতিক কাঠামোর মধ্যে থেকেই আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। একই সঙ্গে তিনি ইউরোপকে এ ধরনের কাঠামোর প্রতি যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করার আহ্বান জানান।
টেলিফোন আলাপে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রাথমিক যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন। তিনি ইরানের পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালি নিয়ে ফ্রান্সের উদ্বেগের কথাও তুলে ধরেন।