হাদির অবস্থা চরম সংকটাপন্ন, ব্রেন স্টেম মারাত্মক ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকদের ভাষায়, আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, হাদির অবস্থা “খুবই ক্রিটিক্যাল”। মাথার বাম কানের ওপর দিয়ে ঢুকে গুলি ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে, এতে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. সায়েদুর রহমান জানান, ব্রেন স্টেম মানবদেহের শ্বাস-প্রশ্বাসসহ জীবনরক্ষাকারী বহু কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সে কারণে এই আঘাতকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ বলা হচ্ছে। বর্তমানে হাদির ওপর নতুন কোনো অস্ত্রোপচার সম্ভব নয়, তাকে লাইফ সাপোর্টে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মুহূর্তে নিশ্চিতভাবে আশার কথা বলার সুযোগ নেই। তবে অস্ত্রোপচারের সময় হাদির শরীরে স্বতঃস্ফূর্ত শ্বাস নেওয়ার কিছু প্রতিক্রিয়া দেখা গেছে, যা চিকিৎসকদের জন্য সামান্য হলেও আশার জায়গা তৈরি করেছে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, অস্ত্রোপচারের আগে একবার শকে চলে যান হাদি। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলেও তা আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সামনে পথ মোটেও সহজ নয়।