সারাদেশে জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৪ পিএম
সারাদেশের জমির মালিকদের চলতি অর্থবছরের বকেয়াসহ সব ধরনের ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সহজে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য ব্যবহার করতে হবে সরকারের নির্ধারিত ওয়েবসাইট। ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়, প্রথমে অনলাইন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই কর পরিশোধ করা যাবে।
মন্ত্রণালয় আরও জানায়, অনলাইন সেবা চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এতে একদিকে যেমন সময় ও খরচ কমবে, অন্যদিকে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে।
নাগরিকদের আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই সব বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানিয়েছে সরকার।