চ্যালেঞ্জিং হলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সড়কমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যে বিপুল সংখ্যক মানুষ ও কোরবানিযোগ্য পশু পরিবহন একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শুক্রবার (২২ মে) কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১১৯ জনের পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেল। এতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সড়কমন্ত্রী বলেন, মাত্র তিন দিনে প্রায় দেড় কোটি মানুষ এবং এক কোটি কোরবানিযোগ্য পশুর পরিবহন নির্বিঘ্ন রাখা অত্যন্ত কঠিন কাজ। তবে সবাই সহযোগিতা করলে, জনগণ সচেতন থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ সবচেয়ে বেশি থাকে। এজন্য এই মহাসড়ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং আরও এক হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রতিবছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। চালকদের অদক্ষতা, আনফিট যানবাহন ও জনগণের অসচেতনতা দুর্ঘটনার প্রধান কারণ। এসব কমিয়ে আনতে সরকার কাজ করছে। একইসঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্ব পালনে সরকার নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছে। দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার ফলে দুর্ঘটনার হার কমছে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970