ভিসা দেওয়ার আগে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া যাচাই করবে ভারত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী ও পর্যটকদের সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের কারণে ভিসা বাতিল বা দেশে ফেরত পাঠানোর নজিরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের সংশ্লিষ্ট একাধিক শীর্ষ সূত্র।

সূত্রগুলো জানায়, আগে যেসব ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করা হতো, এখন তা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে চালু করা হবে। বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের গত কয়েক বছরের সোশ্যাল মিডিয়া পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া যাচাই করেই ভিসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আদলে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতবিরোধী বক্তব্য ও পোস্টের প্রবণতা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণ আবেদনকারীরা এই যাচাইয়ের বাইরে থাকবেন। দীর্ঘদিন ধরে মেডিক্যাল ভিসায় ভারতে চিকিৎসাধীন ব্যক্তিরাও ছাড় পাবেন।

জানা গেছে, আপাতত ১৮ থেকে ৬০ বছর বয়সী সাধারণ ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করা হবে। আবেদনকারীরা তাদের পোস্ট ‘পাবলিক’ না ‘প্রাইভেট’ রেখেছেন, সেটিও যাচাইয়ের আওতায় আসবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতীয় ভিসা কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে ভিসা ইস্যুর সংখ্যা বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি ভারত সরকার নিশ্চিত করতে চায়, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দেওয়া ব্যক্তিদের যেন ভিসা না দেওয়া হয়।

ভারত সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ধাপে ধাপে এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970