দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও হামলা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পরপর দ্বিতীয় দিনের মতো হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাইকমিশনের ফটকের সামনে প্রায় দুই শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সংঘবদ্ধভাবে তারা হাইকমিশন লক্ষ্য করে হামলা চালায়।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা ‘অখণ্ড হিন্দুরাষ্ট্র’ নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর একটি হলো বাংলাদেশকে তথাকথিত ‘অখণ্ড ভারত’-এর অংশে পরিণত করা।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, উপস্থিত ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেননি। বরং অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য হামলাকারীদের প্রতি নিষ্ক্রিয় কিংবা সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করেন।
পরপর দুই দিন হাইকমিশনের সামনে এ ধরনের হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেখানে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষ বা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।