মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সাবেক নেতা অনিক রায়।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি পোস্ট করে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় এক শব্দের পোস্ট দেন—‘Done!’। পোস্টে তাসনিম জারার ভোটারদের স্বাক্ষর তালিকাও দেখা যায়।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তাসনিম জারা। ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’