মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। তিনি বলেন, “আগে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ ছিল, এখন তা ১০ শতাংশে নামানো হয়েছে। একইসঙ্গে দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেসসচিব এ তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রির পরিধি আরও বিস্তৃত হবে।
শফিকুল আলম বলেন, “বিদেশ থেকে প্রচুর ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, যা কিছুটা রিপাবলিশ হয়ে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও অনেক ট্যাক্স হারান। আশা করা হচ্ছে, দেশের উৎপাদিত ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমবে।”
এছাড়া নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণের বিষয়ে তিনি জানান, “১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।”
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বাকি বইও সময়মতো পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে।”