সংবিধানে বিসমিল্লাহ সারা জীবন থাকবে, গণভোটের সঙ্গে এর সম্পর্ক নেই: স্বাস্থ্য উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
সংবিধানে বিসমিল্লাহ সংযোজন বা তা বহাল থাকা গণভোটের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, আবার নতুন করে চলে যাওয়ারও প্রশ্ন নেই। এটি সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। নির্ধারিত সময়েই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়া সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট সংক্রান্ত প্রচার গাড়ি ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।