সংসদ নির্বাচনে নজর রাখবেন ৫৫ হাজার ৫০০ পর্যবেক্ষক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশি ও বিদেশি পর্যবেক্ষকরা একসঙ্গে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে থাকবেন।
ইসির তথ্য অনুযায়ী, ৮১টি নিবন্ধিত দেশি সংস্থা থেকে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন প্রায় ৫০০ জন প্রতিনিধি।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রীয় পর্যায়ে মনোনীত পর্যবেক্ষকরা নিজ নিজ ভোটার এলাকার বাইরে থেকে কাজ করবেন, যাতে তাদের নিরপেক্ষতা নিশ্চিত হয়।
এর আগে রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ব্রিফিংয়ে বিদেশি কূটনৈতিক মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের সামনে এই তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের মতামত প্রদান করবেন।