নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির বিশেষ হটলাইন চালু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসী যাতে দ্রুত ও সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোট সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা অনিয়মের বিষয়ে হটলাইন নম্বরে যোগাযোগ করলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এতে আরও বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে নগরবাসীকে নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
ডিএমপির ঘোষিত হটলাইন নম্বরগুলো হলো— ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।