ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে বাধা নেই: ইসি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্ধারিত দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এই নির্দেশনা প্রকাশের পরপরই সাংবাদিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) একে হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায়।
সোমবার বিজেসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা সাংবাদিকদের দায়িত্ব পালনে বড় বাধা সৃষ্টি করবে। এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য। সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে বাধা না থাকার বিষয়টি স্পষ্ট করা হয়।