সকাল থেকেই কেন্দ্রে ভিড়, শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ বিদেশি পর্যবেক্ষকদের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সারা দেশেই একই পরিবেশ বজায় থাকবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন বাতিল হওয়ায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।
নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।